শিলিগুড়ি, ২৭ জুলাই
একদিকে যখন একদিনের ঝটিকা সফরে উত্তরবঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় শিলিগুড়িতে ধীরে ধীরে নিজেদের সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে আম আদমি পার্টি (আপ)। সোমবার শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন এলাকায় দলের উদ্যোগে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে ২৫ জন যুবক আম আদমি পার্টিতে যোগদান করেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন যোগদানকারী ২৫ জন যুবক আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁদের দাবি, স্বচ্ছ রাজনীতি এবং নতুন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই তাঁরা আম আদমি পার্টির পতাকা হাতে নিয়েছেন। সম্প্রতি দার্জিলিং জেলার বিভিন্ন এলাকা থেকেও একাধিক যুবক দলের সদস্যপদ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার মাটিগাড়ায় নতুন যোগদানকে সংগঠন বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দল। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পারিজাত ঘোষ। তিনি বলেন, আগামী দিনে শিলিগুড়ি-সহ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় আরও বৃহত্তর পরিসরে সদস্য সংগ্রহ ও যোগদান কর্মসূচি চালানো হবে। মানুষের মধ্যে দলের আদর্শ পৌঁছে দিয়ে সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য বলে জানান তিনি।
তবে পারিজাত ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, আম আদমি পার্টিতে সংগঠন বিস্তারের ক্ষেত্রে কিছু নীতিগত বিষয় কঠোরভাবে মানা হবে। তাঁর দাবি, অন্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মী ভাঙিয়ে আনার পথে দল হাঁটবে না। বরং যাঁরা আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং সমাজের জন্য কাজ করতে চান, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলে কোনও স্থান নেই বলেও তিনি স্পষ্ট করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরবঙ্গে আম আদমি পার্টির ধারাবাহিক সদস্য সংগ্রহ কর্মসূচি ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা এখনই বলা কঠিন। তবে একের পর এক নতুন মুখের যোগদান যে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে শিলিগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় দলের কর্মসূচি কতটা জনসমর্থন পায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

