দিনহাটা , ৮ আগস্ট
নয়টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা এক ব্লকের পুঁটি মারি এক গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি মহেশেরহাট এলাকায়। শনিবার বিকেল নাগাদ এলাকায় মহেশেরহাট বাজারের পাশে থাকা একটি শৌচালয়ের পাশে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। এরপরেই তিনি আশপাশের এলাকার বাসিন্দাদের খবর দেন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর খবর দেওয়া হয় দিনহাটা থানায়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে নয়টি বোমা উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বোমা গুলি কোথা থেকে এলো কে বা কারা রেখে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মহেশের হাট বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচন ও তার আগে এলাকার তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা সাধারণ মানুষকে হুমকি ভয়ভীতি দেখাতো। শুধু তাই নয় এলাকায় বোমাবাজিও করতে বলে ওই ব্যবসায়ীর অভিযোগ। এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ করেন। উল্লেখ, বিধানসভা নির্বাচন কিংবা তার আগেও একাধিকবার বোমাবাজি থেকে শুরু করে হুমকির খবরে শিরোনামে এসেছিল এই পুটিমারি এক নং অঞ্চল। নির্বাচন মিটে যাওয়ার তিন মাস পরেও ওই অঞ্চলের মহেশের হাট এলাকা থেকে নয়টি বোমা উদ্ধার রীতিমতো এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

