আলিপুরদুয়ার, ১১ আগস্ট : সময়মতো বেতন না পাওয়া, পিএফের টাকা জমা না দেওয়া-সহ একাধিক অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন আলিপুরদুয়ার জেলার নিমতিঝোরা চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকেই বাগানের ফ্যাক্টরি গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ৭ ও ২২ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও নিয়মিত সময়মতো বেতন মেলে না। চলতি মাসের ৭ তারিখের বেতনও এখনও পর্যন্ত তাঁদের হাতে পৌঁছয়নি। এর ফলে বাগানের কয়েক হাজার শ্রমিক ও তাঁদের পরিবার আর্থিক সমস্যার মুখে পড়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।
শ্রমিকদের বক্তব্য, সময়মতো বেতন না পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে শুরু করে সন্তানদের পড়াশোনা এবং সংসারের অন্যান্য খরচ চালাতেও সমস্যায় পড়তে হচ্ছে। শুধু বেতন নয়, মালিকপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পিএফের টাকা নিয়মিত জমা না দেওয়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি প্রাপ্য বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই কাজ বন্ধ রেখে আন্দোলনে নামতে হয়েছে তাঁদের।
মঙ্গলবার সকাল থেকে ফ্যাক্টরি গেটের সামনে শ্রমিকদের জমায়েতকে ঘিরে উত্তেজনা ছড়ায়। দ্রুত বেতন পরিশোধ, পিএফের টাকা জমা দেওয়া এবং শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

