জলপাইগুড়ি, ১৮ আগস্ট:
শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিল সংগঠনটি।
এদিন পিডব্লিউডি মোড় থেকে একটি মিছিল বের করেন বিএমএসের কর্মী-সমর্থকরা। মিছিলটি জেলাশাসকের দফতরে পৌঁছনোর পর সেখানে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধি, ইএসআই-এর ঊর্ধ্বসীমা বাড়ানো, ন্যূনতম ইপিএস পেনশন বৃদ্ধি, ইপিএফ-এ সর্বোচ্চ বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো এবং বোনাসের পরিমাণ বৃদ্ধির মতো একাধিক দাবি জানানো হয়।
এর পাশাপাশি স্কিম ওয়ার্কারদের সম্মানজনক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে ‘সমান কাজের জন্য সমান বেতন’, শ্রম আইন কার্যকর করা এবং গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবিও জানায় ভারতীয় মজদুর সংঘ।
এদিনের কর্মসূচিতে সংগঠনের জেলা নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

