জলপাইগুড়ি ,২৯ জুলাই
জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার এসজেডিএ (SJDA) কমপ্লেক্সে এক দম্পতির বিরুদ্ধে ১০ থেকে ১৪ বছর বয়সী নাবালিকা মেয়েদের বাড়িতে আনার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তপন সাহা ও রাখি দাস নামে ওই দম্পতি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে জলপাইগুড়ি পুলিশ লাইন এলাকার এক নাবালিকার সঙ্গে মেলার মাঠে তাদের পরিচয় হয়। এরপর থেকে ফোনে যোগাযোগ এবং বাড়িতে যাতায়াত শুরু হয় বলে অভিযোগ।
সম্প্রতি বিষয়টি নিয়ে নাবালিকার পরিবারের সন্দেহ হওয়ায় তারা এদিন দম্পতির বাড়িতে পৌঁছান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ জড়ো হন এবং উত্তেজনা তৈরি হয়। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের বক্তব্য শোনে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে অভিযোগগুলির সত্যতা এখনও পুলিশের তদন্তসাপেক্ষ।

