আলিপুরদুয়ার, ২৬ আগস্ট
পাঁচ মাস ধরে কাজ করছেন, অথচ মিলছে না বেতন! বকেয়া মজুরি, বোনাস এবং অন্যান্য প্রাপ্য সুবিধা না পাওয়ার অভিযোগে এবার কর্মবিরতিতে সামিল হলেন ডুয়ার্সের হাণ্টাপাড়া চা বাগানের শ্রমিকরা। মেরিকো কোম্পানির অন্তর্গত এই চা বাগানে গতকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে নিয়মিত কাজ করেও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, গত বছরের বোনাসের টাকাও এখনও বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধাও মিলছে না বলে অভিযোগ তাঁদের।
বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে দাবি শ্রমিকদের। শেষ পর্যন্ত বাধ্য হয়েই কাজ বন্ধ করে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
শ্রমিকদের বক্তব্য, তাঁদের দীর্ঘদিনের পরিশ্রমের প্রাপ্য টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে। শুধু আশ্বাস নয়, বকেয়া বেতন, বোনাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে স্থায়ী সমাধান চান তাঁরা।
আন্দোলনরত শ্রমিকদের একাংশের সাফ বক্তব্য, বকেয়া সমস্ত পাওনা পরিশোধ করতে হবে, না হলে চা বাগান ছেড়ে চলে যেতে হবে কোম্পানিকে। তাঁদের দাবি, শ্রমিকদের আর্থিক অনিশ্চয়তার মধ্যে রেখে কোনওভাবেই বাগানের কাজ স্বাভাবিক রাখা সম্ভব নয়।
হাণ্টাপাড়া চা বাগানের এই কর্মবিরতির জেরে বাগানের স্বাভাবিক কাজকর্ম কতটা ব্যাহত হয় এবং শ্রমিকদের দাবি মেটাতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।

