দিনহাটা, ২৫ আগস্ট
বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে! দিনহাটার নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনায় এক মহিলা বিজেপি কর্মী তীরবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
১৯ আসন বিশিষ্ট নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। এরপর থেকেই গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম কার্যত অচল হয়ে পড়ে। সেই অচলাবস্থা কাটিয়ে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তার আগেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে।
বিজেপির পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মনের অভিযোগ, তাঁরা গ্রাম পঞ্চায়েতে যাওয়ার সময় বিজেপি নেতা তরণীকান্ত বর্মনের লোকজন তাঁদের উপর হামলা চালায়। তাঁর দাবি, হামলায় তীর ও গুলি ছোড়া হয়। সেই সময়ই এক মহিলা বিজেপি কর্মী তীরবিদ্ধ হন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তরণীকান্ত বর্মন। তাঁর পাল্টা দাবি, যুথিকা বর্মনের গোষ্ঠীর লোকজনই তাঁদের উপর হামলা চালিয়েছে। ফলে বোর্ড গঠনের আগেই বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য সংঘর্ষ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনায় দলের অন্দরের কোন্দলের অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্বও। বিজেপি বিধায়ক অজয় রায় জানিয়েছেন, দলের নির্দেশেই সেখানে বোর্ড গঠন প্রক্রিয়া চলছিল। তাঁর দাবি, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা দলের কেউ হতে পারে না। ঘটনার বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
এখন প্রশ্ন, বোর্ড গঠনের আগেই কেন প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী সংঘাত? সংঘর্ষের নেপথ্যে কি শুধুই পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণ, নাকি রয়েছে অন্য কোনও কারণ? তদন্তের পরই স্পষ্ট হবে গোটা ঘটনার আসল ছবি।

