শিলিগুড়ি , ১১ জুলাই
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা, চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা দেখে হতবাক হয়ে গেলেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার কচুবাড়ি গ্রামে।
জানা গিয়েছে, কচুবাড়ি গ্রামের বাসিন্দা মেহেরুন নিসা শনিবার সকালে গ্রামের একটি বেসরকারি ব্যাংকের সিএসপি কেন্দ্রে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে যান। প্রথমে তিনি ২ হাজার টাকা তোলেন। এরপর অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইলে সিএসপি কর্মী ব্যালেন্স পরীক্ষা করে দেখেন, অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা দেখাচ্ছে।
অস্বাভাবিক এই ব্যালেন্স দেখে সিএসপি কর্মী এবং মেহেরুন নিসা দু’জনেই বিস্মিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান কৌতূহলী বাসিন্দারা।
তবে কীভাবে ওই অ্যাকাউন্টে এত বিপুল অঙ্কের টাকা দেখা গেল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনার কথা মনে করা হলেও, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

