আলিপুরদুয়ার, ৪ সেপ্টেম্বর
উত্তরবঙ্গের রেলযাত্রীদের জন্য শুক্রবার সকাল থেকেই নেমে এসেছে চরম দুর্ভোগ। একের পর এক ট্রেন বাতিল, আবার কোনও ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ার খবর—সব মিলিয়ে সমস্যায় পড়েছেন বহু যাত্রী। দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে কলকাতাগামী পদাতিক এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একইসঙ্গে আলিপুরদুয়ার জংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
এদিকে, নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ছাড়ার কথা থাকা তিস্তা-তোর্সা এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে ছাড়বে বলে রেল সূত্রে খবর।
ফলে দূরপাল্লার যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কেউ গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে রয়েছেন, আবার অনেকেই বিকল্প যাতায়াতের পথ খুঁজতে বাধ্য হচ্ছেন।
একাধিক ট্রেন বাতিল এবং ট্রেন চলাচলে ব্যাপক দেরির কারণে নিউ আলিপুরদুয়ার ও আলিপুরদুয়ার জংশন স্টেশনে যাত্রীদের ভিড়ও চোখে পড়েছে। দীর্ঘ অপেক্ষায় স্বাভাবিকভাবেই বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।
হঠাৎ করে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় প্রশ্ন উঠছে, কবে স্বাভাবিক হবে উত্তরবঙ্গের রেল পরিষেবা? রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কতটা দীর্ঘায়িত হয়, এখন সেদিকেই নজর যাত্রীদের।

