কোচবিহার, ৪ সেপ্টেম্বর
নদীতে স্নান করতে নেমেছিলেন তিন যুবক। তাঁদের মধ্যে একজন কোনওরকমে তীরে উঠে এলেও নিখোঁজ হয়ে যান বাকি দু’জন। পরে নদীতে তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার হল দুই যুবকের দেহ। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার বড়ভিটা এলাকায়।
দিনহাটা ১ ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকায় বুড়াধরলা নদী থেকে উদ্ধার হয়েছে দুই যুবকের দেহ। মৃতদের নাম রনজয় বর্মন ও শ্রীদীপ কুমার রায়। দু’জনেই দিনহাটার কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন যুবক বুড়াধরলা নদীতে স্নান করতে নামেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে একজন নদী থেকে তীরে উঠে আসতে সক্ষম হন। কিন্তু রনজয় বর্মন ও শ্রীদীপ কুমার রায়ের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।
ঘটনার খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘক্ষণ খোঁজ চালিয়েও প্রথমদিকে নিখোঁজ দুই যুবকের কোনও সন্ধান মেলেনি।
এরপর স্থানীয়রা নদীতে এক যুবকের দেহ ভাসতে দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। পরে দেহটি রনজয় বর্মনের বলে শনাক্ত করা হয়।
এরপর ফের নদীতে তল্লাশি শুরু করা হয়। কিছুক্ষণ পর উদ্ধার হয় দ্বিতীয় যুবক শ্রীদীপ কুমার রায়ের দেহও। একসঙ্গে দুই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
দিনহাটা থানার পুলিশ দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই তরতাজা যুবকের এভাবে প্রাণ হারানোর ঘটনায় পরিবার ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

