কোচবিহার ,৩০ জুলাই
দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর উপস্থিতিতে এবং স্থানীয় বিধায়ক সুকুমার রায়ের উপস্থিতিতে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন বিজেপির পঞ্চায়েত সদস্যা সঙ্গীতা দে কর্মকার প্রধান এবং বিজেপিরই পঞ্চায়েত সদস্য সৌগত ঘোষ উপপ্রধান হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ২৭টি আসনবিশিষ্ট টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ১৭টি আসনে জয়লাভ করে এবং বিজেপি পায় ১০টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও পরবর্তীতে তৃণমূল পরিচালিত বোর্ডের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে নতুন বোর্ড গঠন না হওয়ায় পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজ কার্যত থমকে ছিল।
অবশেষে সেই অচলাবস্থার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নতুন বোর্ড গঠন করা হয়। বিজেপির নেতৃত্বে বোর্ড গঠনের পর এলাকায় রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। নতুন প্রধান ও উপপ্রধান এলাকার উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, এই বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও নতুন করে জল্পনা শুরু হয়েছে।

