জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর:
আগামী ১৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির নতুন পুরবোর্ড গঠন হওয়ার কথা। ঠিক তার আগেই রাজ্য রাজনীতিতে চরম চাঞ্চল্য সৃষ্টি করে পদত্যাগ করলেন জলপাইগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মমতাপন্থী কাউন্সিলর সুব্রত পাল। নতুন বোর্ড গঠনের আগে এই আকস্মিক পদত্যাগ ঘিরে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
এদিন একটি সাংবাদিক সম্মেলন ডেকে নিজের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সুব্রতবাবু। তিনি জানান, শারীরিক ও ব্যক্তিগত নানা কারণে তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। তিনি বলেন, “আমি আর এই চাপ নিতে পারছিলাম না, তাই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলাম।”
তবে শুধু ব্যক্তিগত কারণই নয়, এর নেপথ্যে অন্য কোনো চাপ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সুব্রত পাল নিজে উল্লেখ করেন যে, পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন এবং মহামান্য আদালত তাঁদের পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু এই সমস্ত টানাপোড়েনের মাঝে তাঁর ব্যক্তিগত কাজের ব্যাপক ক্ষতি হচ্ছিল বলেই তিনি এই সাময়িক বিরতির পথ বেছে নিয়েছেন। নতুন পুরবোর্ড গঠনের প্রাক্কালে একজন কাউন্সিলরের এমন পদত্যাগ শাসক দলের অন্দরে কোনো বড় প্রভাব ফেলবে কি না, সেটাই এখন দেখার বিষয়!

