শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর
আদালতের নির্দেশ নাকি প্রশাসনের গায়ের জোর—কোন যুক্তিতে চোখের পলকে মাটিতে মিশে গেল দীর্ঘ কয়েক দশকের মাথা গোঁজার ঠাঁই? ২৫-৩০ বছরের পুরোনো বসতি ও ব্যবসা উচ্ছেদকে কেন্দ্র করে এবার শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় তৈরি হল চরম উত্তেজনা। ঠিক কী কারণে এমন আকস্মিক বুলডোজার অভিযান?
সূত্রের খবর অনুযায়ী, শিলিগুড়ির জলপাই মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই ও মামলা চলছিল। আদালতের নির্দিষ্ট নির্দেশ মেনেই এদিন সেখানে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ রয়েছে, এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট পরিবারগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা এলাকা ছাড়েননি। সেই কারণেই মঙ্গলবার বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার নামিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাঙার কাজ শুরু হয় এবং ঘটনাস্থল থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।
তবে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁদের প্রধান অভিযোগ, পর্যাপ্ত সময় বা নোটিশ না দিয়েই অন্যায়ভাবে তাঁদের ঘরবাড়ি ও ব্যবসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাথার উপর ছাদ হারিয়ে এই মুহূর্তে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ পদক্ষেপ করা হয়েছে।

