শিলিগুড়ি, ১৪ মে :
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও সামগ্রিক পরিবর্তনের আবহকে সামনে রেখে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) শিলিগুড়ি মহানগরের উদ্যোগে শিলিগুড়ি কলেজে অনুষ্ঠিত হল শুভেচ্ছা যাত্রা ও বিজয় তিলক কর্মসূচি। এদিন বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থক অংশ নেন।
শুভেচ্ছা যাত্রা শিলিগুড়ির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি কলেজে পৌঁছায়। সেখানে উপস্থিত পড়ুয়া ও সাধারণ মানুষের কপালে বিজয় তিলক পরিয়ে শুভেচ্ছা জানান এবিভিপি কর্মীরা। কর্মসূচিকে ঘিরে কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নতুন আশার বার্তা নিয়ে এসেছে যুব সমাজের কাছে।
এদিন এবিভিপি নেতৃত্ব জানায়, ছাত্রসমাজের স্বার্থ রক্ষা ও শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও ছাত্রকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে বলেও জানান সংগঠনের সদস্যরা।

