আলিপুরদুয়ার ,২ নভেম্বর
আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভা এলাকায় পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় ৯ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে ১৪টি নতুন ব্লক সড়কের কাজের শুভ সূচনা হল। সোমবার হ্যামিল্টনগঞ্জে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সড়কগুলির উদ্বোধন করা হয়। নতুন এই সড়কগুলিকে ঘিরে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, মাদারিহাটের বিধায়ক লক্ষণ লিম্বু, আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, উত্তরবঙ্গের সার্বিক পরিকাঠামো উন্নয়নে লাগাতার কাজ করে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকা নয়, উত্তরবঙ্গের প্রতিটি ব্লক এবং প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নমূলক কাজ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, কালচিনি বিধানসভা এলাকায় এদিন ১৪টি নতুন সড়কের কাজ শুরু হল। আগামী দিনেও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হবে। প্রতিটি ব্লকে পর্যায়ক্রমে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দপ্তরের।
প্রায় ৯ কোটি ৮৮ লক্ষ টাকার এই প্রকল্পের মাধ্যমে কালচিনি বিধানসভার বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। নতুন রাস্তা তৈরি হলে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থাতেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

