শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর :
একটি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পার্সেল ভ্যান থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর একটিয়াসাল এলাকায় একটি পার্সেল ভ্যান দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন ভ্যানের ভিতর থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়।
এই ঘটনায় গাড়ির চালক ও সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কানাই শীল (চালক) ও শুভঙ্কর দাস (ম্যানেজার)। উদ্ধার হওয়া কাফ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে আশিঘর আউটপোস্টের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত দু’জনকেই আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

