আলিপুরদুয়ার ,২ নভেম্বর
ভুটান সীমান্তবর্তী জয়গাঁওয়ে প্রস্তাবিত ল্যান্ডপোর্ট নির্মাণকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তেজনা ছড়াল। নির্মাণকাজ চলাকালীন ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকার একাংশ বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার জয়গাঁও সীমান্ত এলাকায় প্রস্তাবিত স্থলবন্দর বা ল্যান্ডপোর্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। এই নির্মাণকাজকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছে এলাকার একাংশ বাসিন্দার মধ্যে। তাঁদের অভিযোগ, যে জমিতে ল্যান্ডপোর্ট নির্মাণ করা হচ্ছে, সেই জমিতে তাঁরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। অথচ তাঁদের দাবি ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে এখনও অসন্তোষ রয়েছে।
এই দাবিতেই দীর্ঘদিন ধরে ধর্না ও আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এদিন ল্যান্ডপোর্টের নির্মাণকাজ চলাকালীন তাঁরা ফের কাজে বাধা দেন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি কয়েকজনকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কালচিনির বিধায়ক বিশাল লামা জানান, এলাকার বাসিন্দাদের প্রতি তাঁদের সহানুভূতি রয়েছে। তবে এই জমি ও ল্যান্ডপোর্ট নির্মাণের বিষয়ে আদালতের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ সকলকে মেনে চলতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী ওই নির্দিষ্ট স্থানেই ল্যান্ডপোর্ট নির্মাণ হওয়ার কথা বলেও জানান তিনি।
বিশাল লামা আরও জানান, এর আগেও এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁদের সঙ্গে বৈঠকও করা হয়েছিল। যাঁদের বাড়িঘর রয়েছে, তাঁদের অনেককেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বাসিন্দাদের প্রতি তাঁর সহানুভূতি আগেও ছিল, এখনও রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, জয়গাঁও সীমান্তে ল্যান্ডপোর্ট নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। জমি, বসবাসের অধিকার এবং ক্ষতিপূরণের দাবিকে ঘিরে বারবার সামনে এসেছে তাঁদের প্রতিবাদ। এদিনের বিক্ষোভ ও পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।

