জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর :
জলপাইগুড়ির মোহিতনগর থেকে ঝা বাড়ির মোড় পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ চরমে উঠেছে স্থানীয়দের। গত তিন বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন নাজেহাল হচ্ছেন দুই হাইস্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যেই। কঙ্কালসার রাস্তা দিয়ে হাটে পণ্য বহন করতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। বহুবার পঞ্চায়েতে জানালেও মেরামতের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের উদাসীনতার বিরুদ্ধে।
অরবিন্দ পঞ্চায়েতের সদস্যা অর্পিতা চৌধুরী স্বীকার করেছেন রাস্তাটির দুরবস্থার কথা। তাঁর দাবি, তিনি বিষয়টি নিয়ে বারবার দপ্তরে জানালেও বরাদ্দ না আসায় কাজ শুরু করা যাচ্ছে না। জেলা পরিষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছেও পাঠানো হয়েছে প্রস্তাব। তবে শীঘ্রই সংস্কার না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে এই রাস্তা বড় ভোটার ইস্যু হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, ওই রাস্তা সহ আরও কয়েকটি বেহাল রাস্তার সংস্কারের কাজ নেওয়ার প্রক্রিয়া চলছে।

