জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর :
পৌর উৎসব উপলক্ষে জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এক ব্যতিক্রমী দেয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের দিশারী মোড় সংলগ্ন একটি বড় দেয়ালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিষয়বস্তু হিসেবে রাখা হয়েছিল পরিবেশ। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে আগত বহু প্রতিভাবান চিত্রশিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে সবুজ পৃথিবী, বৃক্ষরোপণ, জল ও বায়ু দূষণ রোধ, বন্যপ্রাণ সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের নানা চিত্র। বিশাল দেয়ালজুড়ে আঁকা এই শিল্পকর্ম পথচলতি মানুষদের দৃষ্টি আকর্ষণ করে এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেয়। ২৪ নম্বর ওয়ার্ড কমিটির এই উদ্যোগ পৌর উৎসবকে আরও অর্থবহ করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ সচেতনতা বাড়াতে এমন আয়োজন ভবিষ্যতেও প্রয়োজন বলে মত শিল্পী ও দর্শকদের।

