শিলিগুড়ি, ২৯ মে:
শিলিগুড়ি পুরনিগমের ৫১তম বোর্ড মিটিংয়ে শুক্রবার ধন্যবাদ জ্ঞাপনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বাগবিতণ্ডার সৃষ্টি হয়। সভা চলাকালীন এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি কাউন্সিলররা সভা বয়কট করে বেরিয়ে যান। পরে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। জানা গিয়েছে, এদিন বাগড়াকোর্ট এলাকায় আন্ডারপাস তৈরির দাবিতে একটি মোশন আনেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। অভিযোগ, সেই মোশন পেশ করার সময় রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়নি। এরপর পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন উঠে সরকারকে ধন্যবাদ জানান। আর তা নিয়েই আপত্তি তোলেন শরদিন্দু চক্রবর্তী। শরদিন্দু চক্রবর্তীর অভিযোগ, যে বিষয়ে মোশন আনা হয়েছে তার বাইরে গিয়ে সরকারকে ধন্যবাদ জানানো অনভিপ্রেত। তিনি প্রশ্ন তোলেন, “কেন বিনা কারণে সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে? এর মাধ্যমে কী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে?” এই মন্তব্যের পরই সভাকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে বিজেপি কাউন্সিলরদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল ও সিপিএম একসঙ্গে “সেটিং” করে চলছে। বিজেপি কাউন্সিলরদের দাবি, ধন্যবাদ জ্ঞাপনের সময় “গট আপ” শব্দ ব্যবহার করতেই সিপিএম কাউন্সিলররা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। এরপর বিজেপির একাধিক কাউন্সিলর সভা বয়কট করে বেরিয়ে যান। বোর্ড মিটিং ঘিরে এই রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরনিগমের ভিতরে বিরোধী দলগুলির মধ্যে এই প্রকাশ্য সংঘর্ষ আগামী দিনে রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর শহরবাসীর।

