কোচবিহার, ৩০ ডিসেম্বর :
শখ ও বটে। এত খাবার জিনিস থাকতে শেষমেশ রসনা তৃপ্তি মেটাতে পাখি! খাবার উদ্দেশ্যে শামুকখোল পাখি মেরে বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর। স্থানীয় বনদপ্তর সূত্রে খবর , এই পাখিটিকে মারলে ভারতীয় আইন অনুযায়ী তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে বাড়িতে বনদপ্তরের লোকজন পৌঁছতেই পলাতক হয় অভিযুক্ত । স্থানীয় সূত্রে খবর তার নাম বিষ্ণু রায় । তার বাড়ি কোচবিহার শহরের রবীন্দ্রনগর এলাকায় । অভিযোগ, এদিন সকালে বাড়ির আশপাশের কোন এলাকা থেকে সে পাখিটিকে পাথর ছুঁড়ে মেরে জখম করে। এরপর বাড়িতে নিয়ে এসে সেটিকে আটকে রেখে একটি হাত বা শান দিতে বসে । অভিযোগ খাবার উদ্দেশ্যেই সে ওই পাখিটিকে ধরে নিয়ে এসেছিল ।
যদিও বনদপ্তর এবং পরিবেশ প্রেমী সংস্থার প্রশ্নের মুখে পড়ে ওই ব্যক্তি জানিয়েছিল, পাখিটিকে আহত অবস্থায় দেখে উদ্ধার করে নিয়ে এসেছিলাম । চুন হলুদ লাগিয়ে সুস্থ হলে তাকে উড়িয়ে দিতাম।
এরপর তাকে ফরেস্ট অফিসে যেতে বললে পালিয়ে যায় ওই ব্যক্তি । পাখিটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।

