আলিপুরদুয়ার, ৫ জানুয়ারী :
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগে আলিপুরদুয়ার জেলার চা বলয়ের দুর্গম এলাকাগুলিতে ‘শিশু সাথী’ প্রকল্পের আওতায় চালু হল পাঁচটি নতুন স্কুল বাস পরিষেবা, যা দীর্ঘদিনের শিক্ষাগত সমস্যার সমাধানে আশার আলো দেখাচ্ছে।
আলিপুরদুয়ার জেলার চা বাগান ও দুর্গম এলাকার ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সমস্যা নতুন নয়। পরিবহণের অভাবে বহু শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে পারত না। এই পরিস্থিতিতে বারবার আন্দোলন হয়েছে, প্রশাসনের কাছে লিখিত দাবিও জানিয়েছিলেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।। অবশেষে আজ থেকে আলিপুরদুয়ার জেলার ঢেকলাপাড়া চা বাগান, লঙ্কাপাড়া চা বাগান, মুজনাই চা বাগান, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এবং টোটোপাড়া এলাকা এই পাঁচটি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে স্কুল বাস পরিষেবা শুরু হয়েছে। ‘শিশু সাথী’ প্রকল্পের আওতায় চালু হওয়া এই বাসগুলিতে চা শ্রমিক পরিবারের ছেলে-মেয়েরা এখন নিরাপদ ও নিয়মিতভাবে স্কুলে যাতায়াত করতে পারবে।
স্কুল বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া চা বাগান এলাকায়। পড়ুয়াদের মুখে স্বস্তির হাসি, অভিভাবকদের চোখে আশ্বাস শিক্ষার পথে আর বাধা থাকবে না বলেই মনে করছেন তাঁরা।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু যাতায়াতের সমস্যাই মেটাল না, চা বলয়ের শিক্ষার ভবিষ্যৎকেও আরও মজবুত করল।
আলিপুরদুয়ারের চা বলয়ে শিক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সাধারণ মানুষ।

