শিলিগুড়ি, ১১ জানুয়ারী :
শুভেন্দু অধিকারীর উপর পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা চরম লজ্জাজনক বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই ঘটনাকে গণতন্ত্র হত্যার চেষ্টা বলে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের বর্বরতা বিজেপি কোনওভাবেই মেনে নেবে না।” রবিবার সকালে একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, শাসক দলের মদতেই বিরোধী নেতাদের উপর হামলা চালানো হচ্ছে এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সুকান্ত মজুমদার বলেন, পুলিশের সামনে এই ধরনের হামলা প্রমাণ করে রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ভয়ের রাজনীতি চালু করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিজেপি নেতৃত্ব ও কর্মীদের দমন করতে এই ধরনের আক্রমণ নতুন নয়। তবে এই সব কৌশলে বিজেপি দমে যাবে না, বরং আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উগরে দিয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট জানান, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিজেপি শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হবে।

