শিলিগুড়ি, ১১ জানুয়ারী :
রোড সেফটি উইক উপলক্ষে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা ট্রাফিক গার্ড। রবিবার বাগডোগরা বিহার মোড় এলাকায় বাগডোগরা ট্রাফিক গার্ডের উদ্যোগে কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রায় শতাধিক দুঃস্থ মানুষ উপকৃত হন।
বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি রাজীব গুহর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, বলাসন সাব ট্রাফিক গার্ডের ওসি গোবিন্দ রাই সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। শীতের মধ্যে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়।
এদিন কর্মসূচির পর ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ শালবাড়ি এলাকা পরিদর্শনে যান। সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ফুটপাত দখলমুক্ত রাখার জন্য দোকানপাট সরিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে সাফাই অভিযান চালানো হয়।
রোড সেফটি উইককে কেন্দ্র করে ট্রাফিক শৃঙ্খলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরল বাগডোগরা ট্রাফিক গার্ড—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

