জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর
আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বস্তি ও শান্তি বজায় রাখতে এবার চরম কড়া অবস্থান নিল প্রশাসন। উৎসবে উন্মাদনার নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পুজো কমিটিগুলির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এ বারের পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোনোভাবেই শব্দবাজিও ফাটানো যাবে না।
মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভা এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে পুজোর অনুমতি নেওয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং নানা নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয়, পুজোর সময় সাধারণ বক্স সীমিত শব্দে বাজানো গেলেও ডিজে চালানো যাবে না। যদি কেউ এই নিয়ম অমান্য করেন, তবে অবিলম্বে ডিজে সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বৈঠকে উপস্থিত পুজো কমিটির প্রতিনিধিরাও। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। প্রশাসনের এই পূর্ব সতর্কবার্তা কি উৎসবের দিনগুলোতে শব্দদূষণ রোধ করতে সফল হবে? সেটাই এখন দেখার!

