মাথাভাঙ্গা, ১৭ জানুয়ারী :
হিউম পাইপ বিশিষ্ট কালভার্ট ব্রিজের কাজে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করলেন স্থানীয়রা। ঘটনাটি মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কের অ্যালংমারি সংলগ্ন এলাকার।জানা গেছে ওই এলাকায় রাজ্য সড়কে ১০ টি হিউম পাইপ বিশিষ্ট একটি কালভার্ট ছিল। কিন্তু বর্তমানে কালভার্টের সেই ব্রিজটি হিউম পাইপ দিয়ে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ ১০ টি কালভার্টের পরিবর্তে বর্তমানে ৪ টি হিউম পাইপ বিশিষ্ট ব্রিজ তৈরি হচ্ছে আর তাতেই ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।
স্থানীয় গ্রামবাসীরা জানান অ্যালংমারি এলাকায় রাজ্য সড়কে যে ব্রিজটি ১০ টি কালভার্ট দিয়ে তৈরি তাতে করে বর্ষায় ঠিক মতো জল যেতে পারে না ফলে কৃষি জমি এবং এলাকার মানুষজনের সমস্যার সম্মুখীন হতে হয়। সে জায়গায় দাঁড়িয়ে ১০ টি কালভার্টের পরিবর্তে ৪ টি হিউম পাইপ দিয়ে ব্রিজ হলে বর্ষায় প্লাবিত হতে হবে এলাকার শতাধিক পরিবারকে এবং নষ্ট হবে বহু কৃষিজমি। শুধু তাই নয় কাজে ব্যবহৃত সামগ্রীও নিম্নমানের বলে অভিযোগ তাদের। তাই এদিন তারা একত্রিত হয়ে কাজ আটকে দেন। এলাকাবাসীদের দাবি বর্তমানে যে ব্রিজটি রয়েছে তার থেকে বড়ো ব্রিজ এবং সঠিক সামগ্রী দিয়ে কাজ হোক। যদি সঠিক ভাবে কাজ না হয় তবে তারা কাজ করতে দেবেন না এমনটাই জানান।
যদিও এবিষয়ে ঠিকাদারি সংস্থা সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম মন্তব্য করতে চাননি।

