শিলিগুড়ি,২১ জানুয়ারী :
সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করল ডি ওয়াই এফ আই। এদিন বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে এসে জমায়েত হয়।
ডি ওয়াই এফ আই নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও পূরণ হয়নি। সংগঠনের জেলা সম্পাদক সাগর শর্মা জানান, যেখানে চাকরি হচ্ছে সেখানেই ব্যাপক দুর্নীতি চলছে, যার জেরে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করার দাবি তোলেন তারা।
রাজ্য সরকার বারবার চাকরির আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। নিয়োগের নামে দুর্নীতি চলছে, যুবসমাজকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ডি ওয়াই এফ আই।ঘেরাও কর্মসূচি চলাকালীন মহকুমা পরিষদ চত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল।

