শিলিগুড়ি, ২৭ জানুয়ারী :
ডাবগ্রাম–ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ি এলাকায় প্রায় ৫০ শতাংশ মানুষের কাছে SIR-এর হেয়ারিং সংক্রান্ত ডাক পৌঁছনোর জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির এশিয়ান হাইওয়ে–২-এর তিনবাত্তি মোড় এলাকায় পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আগামী ১৯ তারিখ প্রকাশিত তালিকায় যদি বৈধ ভোটারদের নাম বাদ পড়ে, তবে এই প্রতীকি আন্দোলন আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। পথ অবরোধের জেরে এশিয়ান হাইওয়ে–২-এ ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় আধাঘণ্টা ধরে চলা পথ অবরোধের পর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হয় এবং তারপর অবরোধ তুলে নেওয়া হয়।

