দিনহাটা, ১৪ আগস্ট
অভিযোগকারীর বয়ান বদলে উদয়ন গুহর মামলায় স্বস্তি, ৯ দিনের পুলিশি হেফাজতের আবেদন খারিজ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে চলা মামলায় আদালতে নতুন মোড়। অভিযোগকারী তপন বর্মন বিচারকের সামনে বয়ান পরিবর্তন করায় মামলার বিচারে উদয়ন গুহ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি সরকারপক্ষের আইনজীবীর।
উদয়ন গুহর বিরুদ্ধে চলমান একাধিক মামলার মধ্যে নতুন করে একটি মামলায় গতকাল তাঁকে আদালতে পেশ করা হয়। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিচারক তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সেই হেফাজত শেষে শুক্রবার তাঁকে ফের আদালতে তোলা হয়।
এদিন বিচারকের সামনে বয়ান দিতে গিয়ে অভিযোগকারী তপন বর্মন তাঁর আগের বক্তব্যে পরিবর্তন করেন বলে জানান সরকারপক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত। তাঁর দাবি, লিখিত মুচলেকায় তপন বর্মন জানান, ২০২১ সালের যে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ করা হয়েছে, সেই ঘটনার দিন সেখানে উদয়ন গুহ উপস্থিত ছিলেন না। একইভাবে মামলার আরেক অভিযুক্ত হযরত মিয়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে তিনি দাবি করেন। এমনকি উদয়ন গুহকে জামিন দেওয়া হলেও তাঁর কোনও আপত্তি নেই বলেও অভিযোগকারী আদালতে জানান বলে দাবি আইনজীবীর।
অন্যদিকে, সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে উদয়ন গুহকে ওই মামলায় আরও নয় দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারক পুলিশের হেফাজতের আবেদন খারিজ করে দেন এবং উদয়ন গুহকে পুনরায় জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগামী ২৫ আগস্ট উদয়ন গুহকে ফের আদালতে তোলা হবে।

