শিলিগুড়ি, ৩০ জানুয়ারী :
কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এক বি.এল কর্মী—এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
মৃত ব্যক্তির নাম শ্রাবণ কুমার কাহার। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক এবং পাশাপাশি বি.এল কর্মী হিসেবেও কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের দায়িত্ব ও চাপ ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি গভীর অবসাদে আক্রান্ত হয়ে পড়েছিলেন বলে পরিবারের দাবি।ঘটনার দিন শ্রাবণ কুমার তিস্তার পাহাড়ি এলাকায় যান এবং পরে নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃতের স্ত্রীর অভিযোগ, কাজের অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদ থেকেই স্বামী এই মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

