তুফানগঞ্জ ,৩০ মে
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই আইন-শৃঙ্খলা রক্ষায় ও বকেয়া মামলার নিষ্পত্তিতে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে পুলিশ প্রশাসন। এবার একাধিক গুরুতর অপরাধমূলক মামলায় অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল নেতা তথা তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি রাজেশ তন্ত্রীর বাড়ি সিল করে দিল তুফানগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার জেরে বর্তমানে তার মা ও বৃদ্ধা ঠাকুমা ঘরছাড়া হয়ে চরম বিপাকে পড়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত মারুগঞ্জ এলাকার বাসিন্দা রাজেশ তন্ত্রীর বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক হিংসা ছড়ানোসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়কার বিভিন্ন নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর এবং অস্ত্র আইনসহ একাধিক মামলা রুজু রয়েছে তুফানগঞ্জ থানায়।
ফলাফল ঘোষণার পর থেকেই পলাতক অভিযুক্ত|
তুফানগঞ্জ থানা সূত্রে খবর, রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদলের পর থেকেই অভিযুক্ত এই তৃণমূল নেতার খোঁজে একাধিকবার তার মারুগঞ্জের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু প্রতিবারই সে অধরা থেকে যায়। গত ৪ ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপন করে রয়েছেন রাজেশ। দীর্ঘদিন ধরে খোঁজ না মেলায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই আইন মোতাবেক তার বাড়িটি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
এদিকে পুলিশ বাড়ি সিল করে দেওয়ায় চরম সংকটের মুখে পড়েছেন রাজেশের পরিবারের সদস্যরা। বর্তমানে তার মা এবং বৃদ্ধা ঠাকুমা থাকার জায়গা হারিয়ে বাড়ির বাইরেই দিন কাটাচ্ছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে মারুগঞ্জ তথা সমগ্র তুফানগঞ্জ মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর পুলিশের এই কড়া অবস্থান রাজনৈতিক মহলেও বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

