বক্সিরহাট, ৩ ফেব্রুয়ারী :
খোয়া যাওয়া সোনার হার উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল বক্সিরহাট থানার পুলিশ। বক্সিরহাট থানায় ভারপ্রাপ্ত ওসি নকুল রায় বক্সিরহাট শিবগঞ্জ বাজারের বাসিন্দা প্রতিমা সাহার হাতে ছয় গ্রাম ওজনের সোনার হারটি তুলে দেন।
জানা গেছে, বছর দুয়েক আগে সাতসকালে মর্নিং ওয়াক করার সময় বক্সিরহাট বাজার এলাকায় প্রতিমা সাহার গলা থেকে সোনার হার ছিনতাই করে বাইকে থাকা দুই দুষ্কৃতী। ঘটনার পরেই বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দ্রুততার সঙ্গে ছিনতাইয়ে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে এবং খোয়া যাওয়া সোনার হার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সোমবার সেই হার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রতিমা সাহা বলেন, “হারটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। বক্সিরহাট থানার পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে এবং আমার হারটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে, তার জন্য আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। পুলিশের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

