আলিপুরদুয়ার, ২৭ জানুয়ারী :
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভার অন্তর্গত ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তিন মাইল হলং বাজার কালি মন্দির ময়দানে বিজেপির উদ্যোগে আয়োজিত হল পরিবর্তন সভা। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা বিধানসভার বিধায়ক দীপক বর্মণ সহ বিজেপির একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব।
সভা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিপ্লব দেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা শ্রমিকদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প ও আর্থিক সহায়তা পাঠালেও পশ্চিমবঙ্গে সেই সুবিধা চা শ্রমিকদের কাছে পৌঁছচ্ছে না।
বিপ্লব দেব আরও বলেন, চা বাগানের শ্রমিকরা দিনের পর দিন কাজ করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না। নিজেদের বেতনের দাবিতে তাঁদের আন্দোলনে নামতে হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, চা বাগানের মালিকদের সঙ্গে তৃণমূল নেতৃত্বদের যোগসাজশ রয়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে শ্রমিকদের। সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেন বিজেপি নেতৃত্ব।

