শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারী :
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…”—এই গানে আবেগঘন পরিবেশে শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শিলিগুড়ি পৌরনিগমের-এর উদ্যোগে বাঘাযতীন পার্কে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত হন ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন কর্পোরেশনের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা।
মেয়র বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আমাদের আত্মপরিচয়ের অংশ। ১৯৫২ সালে মাতৃভাষার অধিকার রক্ষায় যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয়।
অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিশু থেকে প্রবীণ—সবাই অংশ নেন এই আয়োজনে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলনে গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ১৯৯৯ সালে UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

