আলিপুরদুয়ার, ২০ মে
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের হলং এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। জলদাপাড়া জঙ্গল থেকে হঠাৎ রাস্তায় বেরিয়ে আসা একটি বাইসনকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে গেল একটি লরি। ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসি।
জানা গিয়েছে, গৌহাটি থেকে কলকাতাগামী একটি পণ্যবাহী লরি তোর্ষা সেতু পার করে কিছুদূর এগোতেই আচমকা জঙ্গল থেকে একটি বাইসন রাস্তায় চলে আসে। সামনে বিশাল আকৃতির বন্যপ্রাণীকে দেখে তড়িঘড়ি ব্রেক কষেন চালক। বাইসনটিকে ধাক্কা এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় লরিটি।
দুর্ঘটনার জেরে লরিটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ছুটে এসে আহত চালক ও খালাসিকে উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় বাইসনটির কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। জলদাপাড়া সংলগ্ন এলাকায় প্রায়শই বন্যপ্রাণী রাস্তায় চলে আসায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বন দপ্তর ও প্রশাসনের তরফে চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আবেদন জানানো হয়েছে।

