শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি :
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘সংকল্প পত্র’ (ইশতেহার) তৈরির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ।
দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার বিভিন্ন সমাজের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়। যুব সংগঠন, সামাজিক সংস্থা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদসহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় ২০০ জন মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা বিজেপির সংকল্প পত্রের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও প্রস্তাব দেন।
বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন, এমএসএমই ও স্টার্টআপের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, নারী ও যুব ক্ষমতায়ন, ক্রীড়া উন্নয়ন এবং অবকাঠামো আধুনিকীকরণসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত ও চাঁদাবাজিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে অংশগ্রহণকারীদের বক্তব্যে।
বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই এই সংকল্প পত্র তৈরি করা হবে, যাতে রাজ্যের মানুষের বাস্তব সমস্যা ও চাহিদার প্রতিফলন ঘটে। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হয়েছে বলেও বৈঠকে মত প্রকাশ করা হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা স্বপন দাশগুপ্ত , অনির্বাণ গাঙ্গুলী আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা , শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মূর্মু -সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

