শিলিগুড়ি, ১৩ মার্চ :
মহান নেপালি কবি পারিজাত অর্থাৎ বিষ্ণু কুমারী ওইবার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল পারিজাত জয়ন্তী সমারোহ। শুক্রবার শিলিগুড়ি পারিজাত জয়ন্তী সমারোহ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এই উপলক্ষে সমাজে ঐক্য, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি পায়েল সিনেমা হল মোড় থেকে শুরু হয়ে পারিজাত চক পর্যন্ত পরিক্রমা করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা র্যালিতে অংশ নেন। হাতে ব্যানার ও পোস্টার নিয়ে তারা কবি পারিজাতের আদর্শ এবং সাহিত্যকর্মের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন।
আয়োজকদের বক্তব্য, নেপালি সাহিত্য জগতে কবি পারিজাতের অবদান অসামান্য। তাঁর সাহিত্যকর্ম সমাজের বিভিন্ন সমস্যাকে তুলে ধরার পাশাপাশি মানবতা ও সমতার বার্তা দেয়। সেই ভাবধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও অতিথিরা। র্যালির মাধ্যমে শিলিগুড়ির মানুষকে ঐক্য, শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

