আলিপুরদুয়ার ,৮ আগস্ট
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হল ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের কাজ। পচনশীল ও অপচনশীল—দুই ধরনের বর্জ্যই এবার বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হবে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ঘর থেকে বর্জ্য সংগ্রহের দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
এদিন লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডিপোপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল ঝা-এর উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের এই পরিষেবা চালু করা হয়। নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, বাড়িতে জমে থাকা বর্জ্য নির্দিষ্টভাবে ফেলার ব্যবস্থা না থাকায় অনেক সময় রাস্তার ধারে কিংবা বিভিন্ন জায়গায় তা ফেলে দিতে হতো। এর ফলে একদিকে যেমন এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল, তেমনই তৈরি হচ্ছিল নানা ধরনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সমস্যা। এবার বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ শুরু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন বাসিন্দারা।
স্থানীয়দের বক্তব্য, নিয়মিতভাবে বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হলে এলাকার পরিবেশ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। পাশাপাশি পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহের ফলে বর্জ্য ব্যবস্থাপনাও আরও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। আগামী দিনে এই পরিষেবা নিয়মিতভাবে চালু রাখার পাশাপাশি এলাকার আরও বেশি সংখ্যক বাড়িকে এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।

