শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি :
রাতের শহরে লাগামহীন গতির দাপট আটকে দিতে এক সপ্তাহ পর অবশেষে উদ্যোগী হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত শহরের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয়েছে নাকা চেকিং। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অতিরিক্ত গতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিসিপি (ট্রাফিক) কাজি সামসুদ্দিন আহমেদ।
তিনি রাতে চেকিং পয়েন্টগুলি ঘুরে দেখে জানান, “গত বুধবার রাতের ঘটনা অবশ্যই একটি বড় কারণ। পাশাপাশি রাতের নজরদারি আরও বাড়ানোই মূল লক্ষ্য।”
রাত বাড়লেই শহরের বিভিন্ন রাস্তা রেসিং ট্র্যাকের চেহারা নিচ্ছে—এমন অভিযোগ দীর্ঘদিনের। গত ছয় মাসে পাঁচটিরও বেশি বড় দুর্ঘটনা ঘটেছে, বিশেষত পানিট্যাঙ্কি মোড় থেকে বেঙ্গল সাফারি পর্যন্ত সেবক রোডের অংশে। সমালোচনার চাপ বাড়তেই এদিন রাত থেকেই শুরু হয় কড়া চেকিং। সেবক রোডের দু’টি পয়েন্টে চলছে ব্রেথালাইজার পরীক্ষা। পাশাপাশি পানিট্যাঙ্কি মোড়, সিটি সেন্টার ও জলপাই মোড়েও নজরদারি জোরদার হয়েছে।
তবে প্রশ্ন উঠছে—এই চেকিং কতটা নিয়মিত হবে? কারণ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বেশিরভাগ পাব ভোর তিনটে পর্যন্ত খোলা থাকে। সেসব দিন মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঝুঁকি বাড়ে। ফলে ওই রাতগুলোতে নজরদারি আরও বাড়ানো দরকার বলে মনে করছেন অনেকে।

