মাথাভাঙ্গা, ২৭ ফেব্রুয়ারি :
শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে গো ব্যাক স্লোগানের পাশাপাশি বরেন বর্মনের ধোলাই হবে পেটাই হবে স্লোগান এমনকি একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এদিন বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখানো এবং গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোড়পাটকী গ্রাম পঞ্চায়েতের তথা শীতলকুচি বিধানসভার নেন্দারপাড় এলাকায়।
যদিও মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে এদিন বিজেপির পক্ষ থেকে বুথ বিজয় কর্মশালার আয়োজন করা হয়েছিল ১১৩ নং বুথে বিজেপির মন্ডল সদস্য টলেন বর্মনের বাড়িতে।আর সেখানেই হাজির হয়েছিলেন এলাকার বিধায়ক বরেন বর্মন,কেন্দ্রীয় নেতৃত্ব রঞ্জয় ভারতী,জেলা কমিটির সদস্য তথা বুথ বিজয় প্রমুখ রাজিব বর্মন, বিধানসভার কনভেনর কনক চন্দ্র বর্মন, বিজেপির কিষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় সহ আরও অন্যান্যরা।
অভিযোগ এদিন কর্মসূচিতে আসার সময় বিজেপির একটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন মুরারি কৃষ্ণ রায়, সাবিত্রী বর্মন এমনটাই অভিযোগ বিজেপির।
যদিও গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির দুই গোষ্ঠীর কোন্দলের জেরে এই ঘটনা বলেও দাবি তাদের।

