জলপাইগুড়ি, ১২ মার্চ :
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে অসন্তোষ প্রকাশ করে গণ–ডেপুটেশন কর্মসূচি পালন করল নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের মাধ্যমে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
এদিন শহরের পিডব্লিউডি মোড় থেকে সংগঠনের সদস্য ও সমর্থকেরা মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হন। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার। স্লোগানের মাধ্যমে তারা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভারতীয় নাগরিকের নাম ‘আধার আপডেটেশন’ পর্যায়ে আটকে রাখা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বিক্ষোভকারীদের দাবি, যেসব নাগরিকের নাম এখনও ‘আধার আপডেটেশন’ পর্যায়ে রয়েছে, তাদের দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি SIR–এর নামে নাগরিক অধিকার ও ভোটাধিকার হরণের যে কোনও প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করার দাবিও তোলেন তারা।
পরে সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।

