শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারী :
“বাংলায় বাবরি মসজিদ হতে দেবো না”—এই দাবিকে সামনে রেখে প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহাসমাজ। রাস্তার ওপর হুমায়ুন কবিরের কুশ পুতুল পুড়িয়ে এবং রাস্তার ওপর বসে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাবরি’ নাম ব্যবহার করে কোনও মসজিদ নির্মাণ বা নামকরণ বাংলায় মেনে নেওয়া হবে না।
বঙ্গীয় হিন্দু মহাসমাজের কনভেনার ননী ধর এক প্রতিক্রিয়ায় বলেন, “বাংলায় কোনভাবেই বাবরি মসজিদ হতে দেব না। অন্য যেকোনো নামে তারা মসজিদ করতে পারে, তাতে আমাদের আপত্তি নেই। তবে ‘বাবরি’ নাম নিয়ে কোনও মসজিদ হতে দেব না।” তাঁর দাবি, এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি সংবেদনশীল ও বিতর্কিত ইতিহাস, যা বাংলার শান্তি-সম্প্রীতির পরিবেশে প্রভাব ফেলতে পারে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের অবস্থান জানাচ্ছেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে। কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি, সব পক্ষকেই সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

