জলপাইগুড়ি, ১৫ মার্চ :
জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় শনিবার রাতে এক মহিলাকে ঘিরে ছেলেধরা সন্দেহে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, রাতে এক অচেনা মহিলাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় তাদের। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভুট্টা খেতের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এরপরই এলাকাবাসী তাড়া করে তাকে ধরে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করার চেষ্টা করলে স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং তার শাস্তির দাবি তোলেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য মহিলাকে থানায় নিয়ে যায়।

