মাথাভাঙা, ২৮ আগস্ট
নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ধৃতের নাম আবেদ আলি। তাঁর বাড়ি বড় গদাইখোড়া এলাকায়। তাঁর কাছ থেকে একাধিক সন্দেহজনক পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে বলে দাবি।
বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই আবেদ নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মাথাভাঙা মহকুমা আদালত চত্বরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি নজরে আসার পর শুক্রবার কয়েকজন আইনজীবী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়তেই তিনি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পরে মাথাভাঙা থানার ভিতরে প্রবেশ করলে তাঁকে সেখান থেকে ধরে বার লাইব্রেরিতে নিয়ে গিয়ে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেন আইনজীবীরা।
পুলিশ সূত্রে দাবি, আবেদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিজিটিং কার্ডে তাঁকে ‘B.Sc, LL.B’ এবং কলকাতা হাই কোর্টের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একাধিক পরিচয়পত্রও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আবেদের দাবি, প্রায় পাঁচ মাস ধরে তিনি আদালত চত্বরে ‘ল ক্লাস’ সংক্রান্ত কাজ করছিলেন। তাঁর বক্তব্য, ভুলবশত ভিজিটিং কার্ডে ‘B.Sc, LL.B’ এবং কলকাতা হাই কোর্টের আইনজীবী লেখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তিনি জানান, তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
আবেদ আলি সত্যিই আইনজীবী পরিচয় দিয়ে কাউকে প্রতারণা করেছেন কি না, তাঁর কাছে থাকা পরিচয়পত্র ও নথিগুলি বৈধ কি না—সবকিছুই খতিয়ে দেখছে মাথাভাঙা থানার পুলিশ।

