তুফানগঞ্জ, ২২ মার্চ :
আগামী ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। কোচবিহার জেলার তুফানগঞ্জ ৯ নং বিধানসভা কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল প্রশাসন। সাধারণ ভোটারদের মন থেকে ভয় ও আতঙ্ক দূর করতে এবং তাঁদের আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সরাসরি এলাকা পরিদর্শনে নামলেন তুফানগঞ্জ মহকুমা শাসক শুভ সিংহ রায় এবং বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অজিত কুমার শা।
রবিবার মহকুমা শাসক ও বক্সিরহাট থানার ওসি তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। এই সময় তাঁরা কেবল পথ পরিক্রমাই করেননি, বরং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলেন। ভোটাররা যাতে কোনো প্রকার প্ররোচনা বা ভয়ের কাছে নতি স্বীকার না করেন, সেই বিষয়ে তাঁদের উৎসাহিত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি বক্সিরহাট থানার ওসি অজিত কুমার শা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে প্রশাসনের এই সক্রিয়তা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোচবিহারের এই বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

