শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর :
শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায় রংয়ের কাজ করতে এসে চুরির অভিযোগে গ্রেফতার হল এক রঙ মিস্ত্রি। ধৃতের নাম শৈবাল দে সরকার, সে দক্ষিণ শান্তিনগর এলাকারই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রংয়ের কাজ করতে যায় শৈবাল দে সরকার। কাজের ফাঁকে সুযোগ বুঝে বাড়ির লকার থেকে বেশ কয়েকটি সোনার অলংকার চুরি করে পালিয়ে যায় সে। প্রথমে বিষয়টি নজরে না এলেও, কয়েকদিন পর লকার খুলতেই অলংকার খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন বাড়ির মালিক। এরপরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। এরপর ১৪ ডিসেম্বর শৈবাল দে সরকারকে গ্রেফতার করা হয়।
পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করে যে চুরি করা সোনার অলংকার সে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে। এরপর পুলিশের একটি দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করে।
বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

