নিজস্ব সংবাদদাতা, ২৪ মার্চ :
এ যেন হারিয়ে গিয়েও ফিরে আসার গল্পের এক অনন্য দৃষ্টান্ত। হার না মেনে লড়াই করে প্রায় ১৭ কিলোমিটার পথ পেরিয়ে ফিরে এল ৭ টি কুকুর। সম্প্রতি এমন এক অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে চীনে।
১৬ মার্চ চীনের জিলিন প্রদেশের চ্যাংচুনে এক ব্যক্তি হঠাৎই এমন এক অদ্ভুত দৃশ্য দেখতে পেয়ে মুঠোফোনে বন্দি করেন। ভিডিওতে দেখা যায় মাঝে এক আহত জার্মান শেফার্ডকে আগলে তার চারিদিকে হাঁটছে বাকি কুকুরগুলো। তাদের সবাইকে নেতৃত্ব দিচ্ছে ছোট্ট এক কর্গি।
সূত্রে জানা যায়, একটি মাংসের দোকানের সাথে যুক্ত দুষ্কৃতীরা তাদের চুরি করে নিয়ে যাচ্ছিলো। সেই গাড়ি থেকেই কোনোভাবে পালিয়ে যায় সেই পোষ্য কুকুরগুলো। তবে এই দাবির সত্যতা এখনো যাচাই করা হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় কুকুরগুলি ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে নিজেদের বাড়িতে ফিরে যায়। তিনটি আলাদা আলাদা পরিবারের ৭ টা কুকুর হওয়া সত্ত্বেও “বন্ধুত্ব” বিশ্বস্ততা আর সাহসের এক বিরলতম ঘটনা।
তবে এই ঘটনা থেকে পরোক্ষভাবে এটাও প্রমাণিত হয় যে চীনে এখনো পর্যন্ত কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ জারি হয়নি। এরফলে প্রাণী সুরক্ষা আইন আরও জোরালো করার দাবি তোলা হচ্ছে।

