শিলিগুড়ি, ১৯ আগস্ট
প্রধাননগর এলাকায় প্রায় ১০ বছর ধরে চলা একটি যোগ কেন্দ্রের কাঠামো ভেঙে দিয়েছে শিলিগুড়ি পৌরসভার এনফোর্সমেন্ট বিভাগ। অনুমতি ছাড়াই বাণিজ্যিক কার্যকলাপ ও কাঠামো নির্মাণের অভিযোগে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
স্থানীয়দের একাংশ পৌরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে যোগ কেন্দ্রের পরিচালক ডঃ বিভা মিশ্র এর তীব্র বিরোধিতা করেছেন। তাঁর অভিযোগ, অভিযানের সময় যোগ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট হয়েছে এবং তাঁকে নিজের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি।
ডঃ মিশ্রের আরও দাবি, ১৯ সেপ্টেম্বর আদালতে শুনানি হওয়ার কথা ছিল। সেই আইনি প্রক্রিয়া চলাকালীনই পৌরসভা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ তাঁর।
অন্যদিকে, বাড়ির মালিকের অভিযোগ, ভাড়া নেওয়া জায়গায় অনুমতি ছাড়াই বাণিজ্যিক কার্যকলাপ চালানো হচ্ছিল। পুরো ঘটনায় পৌরসভার পদক্ষেপের বৈধতা এবং ক্ষতিগ্রস্ত পক্ষের আইনি অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

