কোচবিহার , ২৯জুন
পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে রাজ ঐতিহ্য ও শতাব্দীপ্রাচীন নিয়ম-নিষ্ঠা মেনে মহাসমারোহে পালিত হলো শ্রীশ্রী মদনমোহন দেবের পবিত্র স্নানযাত্রা। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে আবহাওয়া প্রতিকূল থাকলেও, একটানা বৃষ্টিকে উপেক্ষা করেই অসংখ্য ভক্ত এই শুভ ও পুণ্যময় অনুষ্ঠানে অংশ নিতে মন্দিরে উপস্থিত হন। মন্দির চত্বরে ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে দিনভর চলতে থাকে পূজা, প্রার্থনা ও দর্শন।
ধর্মীয় বিধি ও প্রাচীন আচার অনুযায়ী গঙ্গাজল, মধু, ডাবের জল, চন্দন, দুধসহ নানা পবিত্র উপকরণ এবং ১০৮ ঘটির জল দিয়ে শ্রীশ্রী মদনমোহন দেবের মহাস্নান সম্পন্ন করা হয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ধর্মীয় আচারবিধির মধ্য দিয়ে এই বিশেষ স্নানযাত্রা সম্পন্ন হয়, যা প্রত্যক্ষ করতে বহু ভক্ত দীর্ঘ সময় অপেক্ষা করেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের উৎসাহ, উদ্দীপনা ও আবেগ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শ্রীশ্রী মদনমোহন দেবের প্রতি সাধারণ মানুষের গভীর বিশ্বাস, আস্থা ও অগাধ ভক্তিরই প্রতিফলন। এই স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত।

