তুফানগঞ্জ, ১ এপ্রিল :
আসন্ন নির্বাচনের প্রাক্কালে বুধবার তুফানগঞ্জে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠল। কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ৯ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতি রাভা রায়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, তেমনই শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন।
মনোনয়ন জমা দেওয়ার পর মালতি রাভা রায় তৃণমূলের ‘উন্নয়নের খতিয়ান’ চাওয়ার পালটা জবাব দেন।”তৃণমূল আমার ৫ বছরের কাজের খতিয়ান চাইছে, আমার খতিয়ান তৈরি আছে। কিন্তু গত ১৫ বছরে তুফানগঞ্জে তৃণমূল কী কী প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে, তার উত্তর দিক। তাদের শাসনে পশ্চিমবঙ্গ আজ রক্তাক্ত, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, নেই মায়েদের নিরাপত্তা। চাকরিহীনতা আর অনুন্নয়নই তৃণমূলের আসল চেহারা।”
তুফানগঞ্জের দীর্ঘদিনের সমস্যা জালধোয়া সেতু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বিধায়িকা বলেন:”মুখ্যমন্ত্রী এসে বলে গিয়েছিলেন সেতু হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। আমি বিধানসভায় সরব হওয়ার পর রাজ্য সরকার জানিয়েছিল তাদের কাছে টাকা নেই। এরপর আমি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে দেখা করে এই সেতুর বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করি। আমি আজ কথা দিয়ে যাচ্ছি, রাজ্যে বিজেপি সরকার আসবে এবং আমি তুফানগঞ্জবাসীকে এই জালধোয়া সেতু উপহার দেব।”
প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পালকে ফের একবার কটাক্ষ করে তিনি বলেন, ২০২১ সালে যখন তিনি প্রার্থী হয়েছিলেন তখন শিবশঙ্কর তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছিলেন।
“শিবশঙ্করের অন্তরটা আসলে বিজেপির। সে ভালো ছেলে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওর ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। আমি ওর কাছেও ভোট প্রার্থনা করছি।”
বর্ণাঢ্য মিছিল ও পুলিশের তৎপরতা
এদিন সকাল থেকেই তুফানগঞ্জ শহরে বিজেপি নেতা-কর্মীদের ঢল নামে। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে বিজেপি শিবিরের ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচিকে ঘিরে শহরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। বিধায়িকা জানিয়েছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে তুফানগঞ্জ এবার পরিবর্তনের জন্য প্রস্তুত।

